জামালপুরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজনীতি · 2026-11-18T09:13:49.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুর সদর উপজেলায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলারকান্দা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার খোকনের ছেলে শাহাদাৎ হোসেন চয়ন ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ডাকা ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফলের আহ্বান জানান। এরপর চয়নকে গ্রেপ্তারে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলারকান্দা এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পরে জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশের একটি দল চয়নকে না পেয়ে বাড়িতে থাকা তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খোকনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরেও চয়নের ফেসবুক আইডিতে লকডাউন সফলের আহ্বানের ভিডিও বার্তাটি দেখা গেছে।
চয়ন জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ‘নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’