পাকিস্তানে পৃথক সেনা অভিযানে নিহত ১৬, প্রাণ গেল ২ সেনার
বিশ্ব · 2026-11-14T13:26:00.000000Z · ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্যও প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে আলী খেল এলাকায় পরিচালিত অভিযানে দুই আফগান নাগরিকসহ ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
এ ছাড়া মির আলী ও দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে আরও চারজন নিহত হন। দুই এলাকায় দুইজন করে মোট চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। সব মিলিয়ে অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬।
অভিযান শেষে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তবে নিহতদের পরিচয় বা তাঁরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তাঁদের একজন হাবিলদার ইসমত আলী, অন্যজন নায়েক আফতাব আলী। ইসমত আলীর বাড়ি সোয়াবি এবং আফতাব আলীর বাড়ি মারদানে।
অভিযান পরিচালিত এলাকাগুলোতে আরও কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদের হুমকি দূর করা এবং ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অভিযান চলবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র: সামা টিভি