নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ
সারাদেশ · 2026-11-14T12:58:07.000000Z · স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকবিরোধী আলোচনা সভা এবং প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের নবীনগর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদক, ইন্টারনেট আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার সহসভাপতি ও শিক্ষক বাবুল আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য ও নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. সাফিউল আলম এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মনিরুল ইসলাম কালন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি ও সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাজেদুল ইসলাম।
বক্তাদের আহ্বান:
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, "প্রযুক্তিনির্ভর জীবনের কারণে বর্তমান প্রজন্মের অনেক শিশু-কিশোর পড়াশোনা ও বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বইমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে বাবুল আহমেদ সরকার বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশ, মাদক প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তারা বলেন, শিশু-কিশোরদের মানসিক ও প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জরুরি। এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে সততা, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।
কর্মসূচিতে মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য অলি আহাদ লিমন, মো. লালন মিয়া, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন সোহাগ, হাবিবুর রহমান, মো. রাব্বি, মো. জুনায়েদ, মোশারফ হোসেন ও জুবায়েরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাঝিকাড়া বায়তুল কারীম জামে মসজিদের খতিব মুফতি সাদেকুল ইসলাম সাঈদী। পরে উপস্থিত শিশু-কিশোরদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।