খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর
অর্থনীতি · 2026-11-14T04:17:00.000000Z · ডেস্ক রিপোর্ট
রাজস্ব আদায় বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে বিশেষ অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতি হাজার টাকায় দুই টাকা হারে অগ্রিম কর দিতে হবে। প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এ কর আদায় করা হবে।
খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে প্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য বিশেষ একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের হিসাব সংরক্ষণ, রসিদ দেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরির ব্যবস্থা থাকবে। চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, প্রতি হাজার টাকার পণ্য সরবরাহের বিপরীতে দুই টাকা হারে অগ্রিম কর আদায় করা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, সংস্থাটির তথ্যপ্রযুক্তি শাখা ইতিমধ্যে অ্যাপ তৈরির কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে এটি ব্যবহারের জন্য চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। অর্থাৎ এক হাজার টাকার পণ্য সরবরাহের বিপরীতে দুই টাকা অগ্রিম কর দিতে হবে। বাজেটে এ বিধান থাকলেও এবার তা কার্যকরভাবে বাস্তবায়নে উদ্যোগী হয়েছে এনবিআর।
প্রাথমিক পর্যায়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এ কর আদায় করা হবে। এ জন্য পরিবেশকদের বিশেষ অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখা, রসিদ দেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরির পাশাপাশি পণ্যের মূল্য গ্রহণের সুযোগ থাকবে।
মাস শেষে বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজার টাকায় দুই টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন পরিবেশকেরা। করের দায় খুচরা বিক্রেতার হলেও পরিবেশকেরা তা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর জমা দেওয়ার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সূত্র আরও জানিয়েছে, প্রাথমিকভাবে শুধু পরিবেশকদের জন্য অ্যাপটি চালু করা হলেও পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্য এর ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক খুচরা ব্যবসা অগ্রিম করের আওতায় আসবে। তবে নতুন কর আদায়ের উদ্যোগ এবং চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ নম্বর বা বিআইএন বাধ্যতামূলক করার বিধান নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই ঘাটতি মোকাবিলায় করের আওতা বাড়ানোর অংশ হিসেবে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।