শ্রীমঙ্গলের সময়

নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল আসবাবপত্র

সারাদেশ · 2026-11-18T07:40:00.000000Z · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে কার্যালয়টিতে থাকা চেয়ার-টেবিলসহ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
​মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
​এর আগে, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে বারহাট্টা উপজেলা বিএনপি। মিছিলের পরদিন গভীর রাতেই এই নাশকতার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
​এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, "রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের এই আগুন সন্ত্রাস প্রতিহত করব।"
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, "রাত তিনটার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত