জামালপুর / প্রাথমিকের শেষ ধাপেও ৩৫ শতাংশ শিশু ঠিকমতো পড়তে পারে না ইংরেজি
সারাদেশ · 2026-11-29T07:16:57.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেষ ধাপেও বহু শিক্ষার্থী এখনও সাবলীলভাবে ইংরেজি পড়তে পারছে না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, পঞ্চম শ্রেণির ৩৫ শতাংশ শিক্ষার্থীই ঠিকমতো ইংরেজি পড়ার সক্ষমতা অর্জন করতে পারেনি।
২০২৬ সালের অক্টোবর পর্যন্ত শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে জেলার সাতটি উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা যাচাই করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জেলায় পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে মোট শিক্ষার্থী ২৩ হাজার ১৭৯ জন। এর মধ্যে সাবলীলভাবে ইংরেজি পড়তে পারে ১৪ হাজার ৯৪৮ জন, যা মোট শিক্ষার্থীর ৬৪ দশমিক ৪৯ শতাংশ। বাকি ৮ হাজার ২৩১ জন বা ৩৫ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী সাবলীলভাবে ইংরেজি পড়তে পারে না। প্রাথমিক শিক্ষার শেষ শ্রেণিতে এসেও এতসংখ্যক শিক্ষার্থীর ইংরেজি পড়ার দক্ষতা না থাকায় তাদের পরবর্তী শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্যে শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতায় বড় পার্থক্য রয়েছে। প্রতিবেদনের হিসাবে, জামালপুর সদরে পঞ্চম শ্রেণিতে সাবলীলভাবে ইংরেজি পড়ার হার ৭৫ শতাংশের বেশি হলেও ইসলামপুরে ৫৭ শতাংশের কিছু বেশি এবং মাদারগঞ্জে প্রায় ৫৪ শতাংশ।
ইংরেজির মতো বাংলা ও গণিতেও বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। জেলায় তৃতীয় শ্রেণিতে বাংলা বিষয়ে মোট শিক্ষার্থী ২৪ হাজার ২৮৩ জন। এরমধ্যে ১৭ হাজার ৬৭ জন সাবলীলভাবে বাংলা পড়তে পারে। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারে না। প্রতিবেদনে চতুর্থ শ্রেণির গণিতে দক্ষতার হার প্রায় ৭০ দশমিক ২৯ শতাংশ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী গণিতের নির্ধারিত দক্ষতা অর্জন করতে পারেনি।
শহরের চেয়ে উপজেলা পর্যায়ে চিত্র বেশি উদ্বেগজনক
সরকারি প্রতিবেদনে পঞ্চম শ্রেণির ৩৫ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থীর ইংরেজি পড়ায় দুর্বলতার তথ্য উঠে এলেও সরেজমিনে শহর ও উপজেলা পর্যায়ের কয়েকটি বিদ্যালয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। জামালপুর শহরের চন্দ্রা সরকারি প্রথামিক বিদ্যালয়ে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে আলাদা পাঠদান করতে দেখা যায়। অর্থাৎ সেখানে দুর্বলতা শিক্ষার্থীদের জন্য আলাদা বিশেষ ক্লাস নেওয়া হচ্ছে।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার মাঝপাড়া জমসেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী বাইরে খেলাধুলা করছে। তবে একটি শ্রেণিকক্ষে নয়জন শিক্ষার্থী উপস্থিত থাকতে দেখা গেছে। তাদের অধিকাংশই সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারছিল না।
শহরের বিদ্যালয়ে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদানের উদ্যোগ দেখা গেলেও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতায় বড় ঘাটতি চোখে পড়েছে।
চরাঞ্চলে শিক্ষকসংকট, যাতায়াতেও ভোগান্তি
চরাঞ্চলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিই বড় চ্যালেঞ্জ। জেলার ইসলামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭৭টি। এর মধ্যে ১৬টি একদম চরাঞ্চলে অবস্থিত। অন্যদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩০টি চরাঞ্চলে রয়েছে।
ইসলামপুর উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা হয় এশিয়া পোস্টের। তারা জানান, এসব বিদ্যালয়ে শিক্ষকসংকট সবচেয়ে বড় সমস্যা। কোনো কোনো বিদ্যালয়ে মাত্র দুই থেকে চারজন শিক্ষক দিয়ে পাঁচটি শ্রেণির পাঠদান ও দাপ্তরিক কাজ সামলাতে হয়। এতে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে।
ইসলামপুরের চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। একই উপজেলার দক্ষিণ বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আগে শিক্ষক ছিলেন তিনজন। চলতি মাসে সেখানে নতুন একজন শিক্ষক যোগ দিয়েছেন। বেলগাছা গোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ১৫১ জন। এর মধ্যে শিক্ষক রয়েছেন পাঁচজন।
শিক্ষকদের ভাষ্য, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে সবচেয়ে বড় বাধা যাতায়াতব্যবস্থা। কোনো কোনো মৌসুমে নদী পারাপার ও দুর্গম পথের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে যায়। নদীভাঙনে বসতভিটা হারিয়ে পরিবার অন্যত্র চলে গেলে শিশুদের পড়াশোনার ধারাবাহিকতাও ব্যাহত হয়।
চরাঞ্চলের পরিবারের আর্থিক অবস্থাও শিশুদের পড়াশোনায় প্রভাব ফেলে বলে মনে করেন শিক্ষকেরা। চাষাবাদের কাজে অনেক সময় পরিবারকে সহযোগিতা করতে হয় অনেক শিশুকে। ফলে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির পাশাপাশি বাড়িতেও পড়াশোনার ঘাটতি থেকে যায়।
ইসলামপুর উপজেলার চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী বলেন, আমাদের বিদ্যালয়ে পাঁচটি শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। ১১৩ জন শিক্ষার্থীর পাঠদান এই তিনজনকেই সামলাতে হয়। দাপ্তরিক কাজে আমাকে উপজেলা সদরে যেতে হলে বাকি দুই শিক্ষককে সব শ্রেণির ক্লাস নিতে হয়। শিক্ষকস্বল্পতার কারণে রুটিন অনুযায়ী পাঠদান করাও কঠিন হয়ে পড়ে।
শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতার কারণ হিসেবে তিনি অনিয়মিত উপস্থিতি, যাতায়াতের সমস্যা ও স্কুল ফিডিং বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। রমজান আলী আরও বলেন, চরাঞ্চলে রাস্তাঘাট ও নদীনালার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয়। আবার আশপাশে কিছু মাদ্রাসা থাকায় শিক্ষার্থীরা সেখানে চলে যায়। আগে স্কুলে ফিডিং চালু থাকায় উপস্থিতি ভালো ছিল। এখন সেটি বন্ধ হয়ে যাওয়ায় কোনো শিক্ষার্থী এক দিন আসে, পরের দুদিন আসে না।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে না আসায় আগের পড়া ভুলে যায়। যারা ইংরেজি পড়তে পারে না, তাদের চিহ্নিত করে আলাদা ক্লাস নেওয়া হয়। আমরা বাড়ি বাড়ি গিয়েও অভিভাবকদের সঙ্গে কথা বলি। কিন্তু কয়েক দিন উপস্থিত থাকার পর আবার অনেকে অনুপস্থিত থাকে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে এলে পাঠের অন্তত কিছু অংশ হলেও আয়ত্ত করতে পারবে। উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং চালু করা প্রয়োজন।
দক্ষিণ বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ বলেন, স্কুলে বর্তমানে গড়ে ৪০ থেকে ৫০ জন উপস্থিত থাকে। মরিচ তোলাসহ বিভিন্ন মৌসুমে অভিভাবকেরা শিশুদের বিদ্যালয়ে না পাঠিয়ে কাজে নিয়ে যান। আবার বন্যার সময় নৌকায় নদী পার হয়ে আসতে না পারায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। নদীভাঙনে বাড়িঘর হারিয়ে কয়েকটি পরিবারের শিশুরা অন্য এলাকায় চলে গেছে, তারাও আর বিদ্যালয়ে আসে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং, পোশাক, জুতা ও ব্যাগ দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। চরাঞ্চলের অনেক শিশু না খেয়েও বিদ্যালয়ে আসে। দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে তারা বিদ্যালয়মুখী হবে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক থাকলে পাঠদানের মানও বাড়বে। আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ প্রয়োজন।
দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস এশিয়া পোস্টকে বলেন, শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল, বিষয়টি এমন নয়। অনেক শিক্ষার্থীর বাড়িতে পড়াশোনার সুযোগ নেই। তারা স্কুলে যা শেখে, বাড়িতে তা অনুশীলন করতে পারে না। অনিয়মিত উপস্থিতি, চরাঞ্চলের দারিদ্র্য ও অভিভাবকদের অসচেতনতাও এর কারণ। কিন্ডারগার্টেনে সাধারণত শিক্ষিত পরিবারের শিশুরা বেশি পড়ে। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় সবার জন্য উন্মুক্ত, এখানে সব ধরনের পরিবারের শিশুরা পড়ে। এ কারণেও শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতায় পার্থক্য দেখা যায়। তবে আমরা চেষ্টা করছি। আগে পরিস্থিতি আরও খারাপ ছিল, এখন উন্নতি হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দত্ত বলেন, শিক্ষার্থীদের ইংরেজি পড়ায় দুর্বলতার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়া অন্যতম। এক দিন আসে, পরের দিন আসে না—এভাবে পড়াশোনায় ঘাটতি তৈরি হয়। নদীভাঙন ও চরাঞ্চলের যাতায়াত সমস্যাও এর ওপর প্রভাব ফেলছে। আবার শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতেও কিছু ঘাটতি রয়েছে। সব মিলিয়ে আমরা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি। এ জন্য এফএলএন কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে বাংলা ও ইংরেজি পড়ার পাশাপাশি গণিতের চার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলায় ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চরাঞ্চলে ১৬টি। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট তুলনামূলক বেশি। তবে প্রাথমিক বিদ্যালয়ে আলাদা করে ইংরেজি বা গণিতের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না; সব শিক্ষককেই সব বিষয় পড়াতে হয়।
প্রাথমিকের দুর্বলতা টানতে হয় মাধ্যমিকেও
প্রাথমিকের পঞ্চম শ্রেণি পেরিয়ে শিক্ষার্থীরা যখন মাধ্যমিকে ওঠে, তখন ইংরেজিসহ বিভিন্ন বিষয়ের পাঠের পরিধি বাড়ে। ষষ্ঠ শ্রেণিতে গিয়ে ইংরেজিতে নতুন শব্দ ও বাক্য পড়া, অনুচ্ছেদ বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ করতে হয়। কিন্তু প্রাথমিকেই যারা ইংরেজি সাবলীলভাবে পড়তে শেখেনি, তাদের জন্য এসব পাঠ বুঝে এগোনো কঠিন হয়ে পড়ে।
শুধু ইংরেজি নয়, বাংলা পড়া ও গণিতের মৌলিক দক্ষতায় ঘাটতি থাকলেও মাধ্যমিকের পাঠ বুঝতে সমস্যা হয়। ফলে প্রাথমিক স্তরে তৈরি হওয়া শিখনঘাটতি পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হতে পারে।
জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্বশীলতা আরও বাড়াতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে হবে। ইংরেজি শিক্ষাকে শুধু পরীক্ষাভিত্তিক না রেখে সার্বজনীনভাবে শেখানোর উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের বেশি বেশি ভোকাবুলারি শেখানো ও মনোযোগী করার মাধ্যমে ইংরেজি শিক্ষাকে সহজ করা সম্ভব।
তিনি আরও বলেন, মাধ্যমিকে এসে অধিকাংশ শিক্ষার্থী রিডিং পড়তে পারে না। প্রাথমিক বিদ্যালয়ে যদি তারা ইংরেজির বেসিক, অর্থাৎ ২৬টি অক্ষর ও পাঁচটি ভাওয়েল ভালোভাবে শিখতে না পারে, তাহলে মাধ্যমিকে এসে সেই ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা কাটাতে বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বর ও জানুয়ারিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা করে অতিরিক্ত রিডিং কোচিং করানোর উদ্যোগ নিয়েছি।
এসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান এশিয়া পোস্টকে বলেন, ইংরেজি পড়ার দুর্বলতা কাটাতে আমাদের কাজ চলছে। স্কুলে স্কুলে এ নিয়ে প্রোগ্রাম চলছে। কীভাবে তাদের পড়ানো যায়, এ ব্যাপারে প্রত্যেকটা স্কুলের প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী কাজ চলছে। আমরা শিক্ষার্থীদের ফাইন্ড আউট করে বিশেষ ব্যবস্থাপনায় যাতে পড়তে পারে, সে ব্যবস্থা নিয়ে কাজ চলমান আছে।
তিনি বলেন, সরকারি প্রাথমিক স্কুল এক হাজার ১৬৪টি। শিক্ষকসংকট তো আছেই। প্রধান শিক্ষকের পদ খালি আছে, তারপর সহকারী শিক্ষকের পদও খালি আছে প্রায় ৮০ থেকে ৮৪টির মতো। প্রধান শিক্ষকের যেসব পদ খালি আছে, সেগুলো পূরণের নিয়োগ কার্যক্রম চালাচ্ছি। আমরা জোরেশোরে কাজ করছি, ইনশাআল্লাহ খুব দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে।