নেত্রকোনায় সাবেক এমপিসহ একাধিক বাড়িতে আগুন
রাজনীতি · 2026-11-29T07:21:25.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে হামলায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উপজেলার বড়রূহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেন। এর প্রায় আধা ঘণ্টা পর বিশকাকুনি গ্রামে কারাবন্দী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, আগুনে বাড়িটির অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।
আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী তাঁদের বাড়িতে অতর্কিতে গিয়ে আগুন লাগিয়ে দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তাঁরা যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, হামলার ঘটনার পর উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এর কিছুক্ষণ পর উত্তেজিত লোকজন সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে তিনি জানান।
এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার গণমাধ্যমকে বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, সে সম্পর্কে তাঁর জানা নেই। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।