নেত্রকোনায় কলেজ ছাত্রদল সভাপতি কে ১৬ ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি
রাজনীতি · 2026-11-29T07:20:17.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত চিরকুট পাঠিয়ে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান আমিরুল ইসলাম। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফেরেন তিনি। সকালে স্থানীয় লোকজন তাকে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকির উপকরণ রেখে যাওয়ার বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট দেখতে পান তিনি।
চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে উল্লেখ করে আমিরুল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তার দাবি, রাজনৈতিকভাবে ভয় দেখানোর উদ্দেশ্যে এ হুমকি দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনায় আতঙ্কিত না হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আমিরুল ইসলাম বলেন, রাজনৈতিক আন্দোলনে তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই লড়াই করেছেন। হত্যার হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম বলেন, রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ ভয় দেখানোর জন্য এমন জঘণ্য কাজটি করতে পারে। তবে আমরা জণগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী সংগঠনের যাকেই পাবো তাদেরকেই পুলিশের হাতে তোলে দেব। তিনি আরও বলেন নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামের এক্টিভিটিজে আওয়ামীলীগের ঘুম হারাম।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামের পাশে থাকার কথা জানান। তারা এ ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।