ব্যবসা ছেড়ে অসময়ে তরমুজ চাষে সফল গফরগাঁওয়ের খালিদ হাসান দিপু
সারাদেশ · 2026-11-29T07:12:54.000000Z · স্টাফ রিপোর্টার
লিজ নেওয়া জমিতে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করে ঘুরে দাঁড়িয়েছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের তরুণ কৃষি উদ্যোক্তা খালিদ হাসান (দিপু)। ব্যবসা ও কৃষিতে একসময় পরপর লোকসানের মুখে পড়লেও অভিজ্ঞতা আর পরিশ্রম দিয়ে এখন তিনি লাভের মুখ দেখছেন।
গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের খালিদ হাসান (৩২) প্রায় ৫০ কাঠা জমি লিজ নিয়ে এই খামার গড়ে তুলেছেন। এর মধ্যে ৪০ কাঠায় তরমুজ ও ১০ কাঠায় পেঁপের চাষ করছেন।
পাশাপাশি শসা, লাউ, বেগুন ও করলার মতো সবজিও ফলান।
মাঠজুড়ে থোকায় থোকায় ঝুলছে তরমুজ। বর্তমানে আধুনিক চাষ ব্যবস্থা মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে তরমুজ। অসময়ে উৎপাদন ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও আধুনিক মালচিং প্রযুক্তির মাধ্যমে ৪০ কাঠা জমিতে তিনি গড়ে তুলেছেন তরমুজের খামার। সবুজের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায় সবার। মালচিং পেপার বিছানো ও মাচা পদ্ধতিতে করা তাঁর খেত দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ আসছেন, আর খেত পর্যবেক্ষণের জন্য মাঝখানে তৈরি করা হয়েছে উঁচু মাচা।
আগে গফরগাঁও পৌর বাজারে জুতা ও প্রসাধনসামগ্রীর ব্যবসা করতেন খালিদ। ব্যবসা ভালো না লাগায় ২০২০ সালে কৃষিতে আসেন। শুরুটা ছিল বেশ কঠিন। ২০২১ সালে টমেটো চাষে ১ লাখ ২০ হাজার টাকা লোকসান গোনেন। এরপর নয় বিঘা জমির বেগুন করোনার সময়ে বাজারে বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে যায়। ২০২৪ সালেও শসা, করলা ও কুমড়া চাষে আশানুরূপ লাভ হয়নি।
তবে হাল ছাড়েননি খালিদ হাসান দিপু । সামাজিক যোগাযোগমাধ্যমে আধুনিক চাষাবাদের কৌশল শিখে ২০২৫ সালে মাত্র ১৪ শতক জমিতে আস্থা জাতের তরমুজ চাষ করে ১৫ হাজার টাকায় ৭০ হাজার টাকা বিক্রি করেন। এরপর একই জমিতে পর্যায়ক্রমে শসা ও তরমুজ চাষ করে বড় সাফল্য পান। তাঁর হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ করে খরচ বাদে তাঁর আয় হয়েছিল প্রায় ১০ লাখ টাকা। চলতি বছরও প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ করেছেন এবং ২০ লাখ টাকার বেশি বিক্রির আশা করছেন।
খালিদ হাসান দিপুর এই খামারে সারা বছর ৬ থেকে ৭ জন শ্রমিক কাজ করেন, ব্যস্ত সময়ে সংখ্যাটা আরও বাড়ে।
আগে রাজমিস্ত্রির কাজ করা শ্রমিক জহিরুল ইসলাম জানান, দেড় বছর ধরে এখানে কাজ করে দৈনিক ৬৫০ টাকা মজুরি পাচ্ছেন, যা দিয়ে তাঁর সংসার ভালো চলছে।
চাষাবাদ দেখতে আসা ত্রিশালের হরিরামপুরের বাসিন্দা মোহাম্মদ মাহবুব জানান, ফলনের কথা শুনে পদ্ধতি শিখতে এসেছেন, যাতে নিজের এলাকায় চাষ শুরু করতে পারেন।
কৃষি উদ্যোক্তা খালিদ হাসান দিপু বলেন অসময়ে তরমুজ চাষবাদে কৃষি অফিসের সঠিক পরামর্শ আর নিয়মিত পরিচর্যার কারণে ক্ষেতেেই ভালো ফলন পেয়েছি। অসময় বলে বাজারে এখন তরমুজের আলাদা চাহিদা। ভালো দাম পাওয়া যাচ্ছে। খরচ উঠার পরে ও ভালো লাভের আশা করছি। আমার এ সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন মাচা পদ্ধতিতে অফ-সিজন তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।
ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়িয়ে নিয়মিত শ্রমিকের সংখ্যা ১০ থেকে ১৫ জনে নিতে চান খালিদ হাসান। তাঁর মতে, কৃষিতে লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও থাকে; তাই ধৈর্য, অভিজ্ঞতা এবং বাজার বুঝে ফসল নির্বাচন করাই সফলতার মূল চাবিকাঠি।
গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী বলেন, খালিদ কয়েক বছর ধরে অফ-সিজনে তরমুজসহ নানা ফসল ফলাচ্ছেন। চলতি বছর প্রায় এক একর জমিতে তাঁর তরমুজ চাষ রয়েছে, যার মধ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এক বিঘায় প্রদর্শনী প্লট করা হয়েছে। কৃষি বিভাগ তাঁকে উপকরণ ও কৌশলগত সহায়তা দিচ্ছে এবং তাঁর সাফল্যে এলাকার অন্য তরুণেরাও মিশ্র ফসল ও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।