ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত
সারাদেশ · 2026-11-29T07:13:34.000000Z · স্টাফ রিপোর্টার
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত এবং অটোচালক গুরুতর আহত হয়েছেন। অটোচালককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম ইমরুল কায়েস (২৮)। তিনি টাংগাইল মধুপুর উপজেলার বাসুদেব বাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বেসরকারি একটি এনজিওতে নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় চাকরি করতেন। অপরদিকে গুরুতর আহত হয়েছেন শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের চর জংগলদি গ্রামের মামুন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে একটি কাঁচামাল ভর্তি অটোরিকশা জামালপুর কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি ড্রামট্রাক জামালপুরের দিকে যাওয়ার সময় শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুল কায়েস। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করে পুলিশ।
ইমরুল কায়েসের সহকর্মীরা জানায়, এক সপ্তাহ আগে এসএস এনজিওতে যোগদান করেন তিনি। আজ সকালে মধুপুর নিজ বাড়ি থেকে তিনানী কর্মস্থলে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ওসি বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আইনানুগ প্রক্রিয়া চলছে। ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে।