বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল অনুষ্ঠিত
রাজনীতি · 2026-11-29T07:15:32.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েকশ লোকের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মশাল হাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে তারা মশাল নিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিছিলটি বকশীগঞ্জ-শ্রীবরদী থানা এলাকার সীমানায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।