শ্রীমঙ্গলের সময়

মশাল মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-29T07:14:28.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৬৪টি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নির্মান ব্রিকসের বিপরীত পাশে রহমতুল্লাহ লিটিলের ফিশারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েকজন ব্যক্তি সমবেত হন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তারা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন, জননিরাপত্তা বিঘ্নিত এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের উদ্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ত্রিশালের ৩ নম্বর কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন (৫০), ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম (৩৮) এবং ৩ নম্বর কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাসুম (৪১)।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৬৪টি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে। লাঠিগুলোর মাথায় মশাল জ্বালানোর জন্য কাপড়ের অংশবিশেষ পেঁচানো ছিল। এসব আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত