শ্রীমঙ্গলের সময়

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিশ্ব · 2026-11-29T16:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীতকালীন ব্যবসা স্বাভাবিক রাখতে সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কেট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে চায়, তাদের পাঁচ থেকে সাত বছর মেয়াদে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এর মাধ্যমে বিপণিবিতানগুলোতে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহারে উৎসাহিত করতে চায় সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থাপন করা সৌরবিদ্যুৎ প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা প্রতিষ্ঠানের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও কোনো মার্কেটে নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত