ঘাটাইলে টাস্কফোর্স অভিযানে দুই মাদকাসক্ত যুবককে কারাদণ্ড
আইন-আদালত · 2026-11-29T17:07:34.000000Z · মো. রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
যৌথ বাহিনীর এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাব আলীর নেতৃত্বে পুলিশ , ব্যাটালিয়ন আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের একটি চৌকস দল অংশ নেয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার সিংগুরিয়া গ্রামে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিংগুরিয়া এলাকার মুজাফর আলীর ছেলে স্বপন (৪৬) এবং শাহাদত হোসেন এর ছেলে নয়ন (২৫)।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাব আলী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাব আলী জানান, মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ টাস্কফোর্স অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের শেকড় উপড়ে ফেলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। প্রতিমাসে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।