শ্রীমঙ্গলের সময়

জামালপুরে প্রয়াত বিএনপি নেতা মাহবুবুর রহমান আনসারীর খোঁজ রাখেনা কেউ?

রাজনীতি · 2026-11-15T13:22:39.000000Z · স্টাফ রিপোর্টার

মাহবুবুর রহমান আনসারী ছিলেন তৎকালীন জামালপুর মহকুমা ছাত্র ইউনিয়নের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় সামরিক আইন ভঙ্গ করে জামালপুরে প্রতিবাদ মিছিল করার অপরাধে যে পাঁচজন ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে বেত্রদণ্ড ও কারাদণ্ডাদেশ জারি করা হয়েছিল, তাদের মধ্যে মাহবুবুর রহমান আনসারী ছিলেন অন্যতম।

১৯৭১ সালে মার্চের উত্তাল দিনগুলোতে তিনি জামালপুর মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুর রহমানের সাথে থেকে বিভিন্ন আন্দোলন কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী সময়ে তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

জামালপুরে ইউনিয়ন, পৌর এবং উপজেলা বিএনপির কমিটি গঠন, তৃণমূল কর্মী সংগঠিত করাসহ বিএনপির নানা সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন তিনি। মাহবুবুর রহমান আনসারী সদা হাস্যোজ্জ্বল এবং কৌতুকপ্রিয় একজন মানুষ ছিলেন। জামালপুরের মানুষের কাছে তিনি মাসুম আনসারী নামে পরিচিত ছিলেন।

২০১০ সালের ১৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার স্মরণে এবং তার পরিবারের উদ্যোগে ‘আনসারী ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটি এলাকায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা এবং স্থানীয় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করে থাকে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত