শ্রীমঙ্গলের সময়

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে আরও দুজন গ্রেপ্তার

সারাদেশ · 2026-10-31T13:25:38.000000Z · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার দুজন হলেন-ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)। ইমরান দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির একই উপজেলার তেরিবাজার এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী। হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে এখনো দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়নি।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। আলিফের ওপর গত বছরের ১০ নভেম্বর যে হামলা হয়, সেই ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমন। এ ছাড়া হত্যা মামলার তদন্তে ইমনের নাম উঠে আসে। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা আছে।

উল্লেখ্য এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁদের দুজনকেই পুলিশ রিমান্ডে পাঠিয়েছিলেন। এখন তারা কারাগারে রয়েছেন।

এ দিকে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে নেত্রকোনা শহরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। শহরের মোক্তারপাড়া এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলা তেলনজিয়া এলাকায় গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। ঘটনার পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। কিছুদিন আগে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে যান একই গ্রামের হক্কুনের ছেলে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজীন (৬) নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েসহ অপর মোটরসাইকেলটির চালক শফিকও (৩৫) আহত হয়েছেন। এদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। চুরির দুই দিন পর আজ শুক্রবার সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। ঘণ্টাটির আনুমানিক

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত