২ লাখ টাকায় কেনা জমিতে ঘর, আদালতের নোটিশে ঘরছাড়া মোংলার পরিবার
সারাদেশ · 2026-11-18T07:46:59.000000Z · জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে বসতভিটা ছেড়ে যেতে হয়েছে সোহাগ ফকিরের পরিবারকে। তাঁর দাবি, ২ লাখ ৩ হাজার টাকা দিয়ে জমি কিনে ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করেছেন। তবে জমির প্রকৃত মালিক মো. ফজলুর রহমান শেখ আদালতের মাধ্যমে মালিকানা ফিরে পাওয়ার পর উচ্ছেদ-সংক্রান্ত নোটিশের মুখে পড়েন তাঁরা। বর্তমানে তিন সন্তানকে নিয়ে আবাসন ও আর্থিক অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে বসতভিটা ছেড়ে যেতে হয়েছে সোহাগ ফকিরের পরিবারকে। ২ লাখ ৩ হাজার টাকা দিয়ে জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করলেও আদালতের উচ্ছেদ-সংক্রান্ত নোটিশের মুখে এখন তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।
ভুক্তভোগী সোহাগ ফকিরের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জমির প্রকৃত মালিক মো. ফজলুর রহমান শেখের অজান্তে তাঁর জমি দখল করে বিক্রি করা হয়। এ ঘটনায় মো. মোজাহিদ খামির, ইউনুচু গাজী ও মিজান ফকিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
সোহাগ ফকিরের দাবি, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে ২ লাখ ৩ হাজার টাকায় জমিটি তাঁর কাছে বিক্রি করা হয়। পরবর্তী সময়ে সেখানে নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে ঘরবাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
আবেদনপত্র সূত্রে জানা যায়, মোংলা উপজেলার চিলা মৌজার হলদিবুনিয়া এলাকায় ০.২৬০০ একর জমি কেনার দাবি করেছেন সোহাগ ফকির। ২০২১ সালের ৩ ডিসেম্বর একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জমি হস্তান্তরের লিখিত চুক্তি সম্পাদিত হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
সোহাগ ফকিরের অভিযোগ, জমি হস্তান্তরের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র, নামজারি, খাজনা পরিশোধ এবং তাঁর নামে রেজিস্ট্রি কবলা দলিল করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও তাঁকে দলিল বুঝিয়ে দেওয়া হয়নি।
এদিকে জমির প্রকৃত মালিক মো. ফজলুর রহমান শেখ বিষয়টি জানতে পেরে মালিকানা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জমির মালিকানা ফিরে পাওয়ার পর উচ্ছেদ-সংক্রান্ত নোটিশের মুখে পড়েন সোহাগ ফকিরের পরিবার। একপর্যায়ে তাঁদের বসতভিটা ছেড়ে চলে যেতে হয়।
সোহাগ ফকির বলেন, জমি কেনার জন্য ২ লাখ ৩ হাজার টাকা দিয়েছি। এরপর নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছি। দীর্ঘদিন স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করেছি। এখন জমি ও ঘর দুটোই হারিয়ে তিন সন্তানকে নিয়ে কোথায় যাব, তা বুঝতে পারছি না।
এ ঘটনায় প্রতিকার চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সোহাগ ফকির।
স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁর। জমি কেনার অর্থ ও ঘর নির্মাণের ব্যয় হারিয়ে বর্তমানে আর্থিক ক্ষতির পাশাপাশি আবাসন সংকটে পড়েছে পরিবারটি।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে জমির মালিকানা যাচাই এবং জমি বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রকৃত মালিকের অজান্তে কীভাবে জমি বিক্রির অভিযোগ উঠল, ক্রেতাকে যথাযথ মালিকানা যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছিল কি না এবং দীর্ঘদিন বসবাসের পর উচ্ছেদের মুখে পড়া পরিবারটির ক্ষতির প্রতিকার কীভাবে হবে—এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত মো. মোজাহিদ খামির, ইউনুচু গাজী ও মিজান ফকিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে জমির প্রকৃত মালিক মো. ফজলুর রহমান শেখের বক্তব্য এবং সংশ্লিষ্ট আদালতের নথিপত্র যাচাই করে জমির মালিকানা নিয়ে আইনি বিরোধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘদিন যে বসতঘরকে আপন ঠিকানা ভেবে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেছেন সোহাগ ফকির, আজ সেই ঘর ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছে। জমি কেনার অর্থ, ঘর নির্মাণের ব্যয় এবং তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পরিবারটি। তাঁদের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়সংগত প্রতিকার মিলবে।