কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে
জাতীয় · 2026-10-27T03:28:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। পথে ১১টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। তবে কুমিল্লা স্টেশনে আগের বিরতি বাতিল করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত আরও সহজ করতে যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হয়েছে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে নতুন রুটে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের পাশাপাশি পথে থাকা বিভিন্ন এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন রুটে ট্রেনটির যাত্রাবিরতির তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন রাখা হয়েছে। তবে কুমিল্লা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৭২১/৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি।
চট্টগ্রাম স্টেশনে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।
ফিরতি পথে মহানগর এক্সপ্রেস সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতির পর দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে পৌঁছাবে ট্রেনটি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার। নতুন রুটে এর বেইস স্টেশন নির্ধারণ করা হয়েছে কক্সবাজার। এ ছাড়া ট্রেনটিতে আধুনিক কোরিয়ান কোচ যুক্ত করা হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি নন-স্টপ আন্তনগর ট্রেন চলাচল করছে। ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম ছাড়া মাঝপথের অন্য স্টেশনে থামে না। ফলে মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হওয়ায় মধ্যবর্তী স্টেশনগুলো থেকে কক্সবাজার যাওয়ার সুযোগ বাড়বে।
অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস বিভিন্ন মধ্যবর্তী স্টেশনে যাত্রাবিরতি দেয়। মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী অঞ্চলের যাত্রীদের কক্সবাজার যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে নতুন রুটের আদেশ কার্যকর হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।