শ্রীমঙ্গলের সময়

১০ হাজার ৪৩৯ টাকা কমে, আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অর্থনীতি · 2026-10-27T02:20:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। সব মিলিয়ে ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।

দেশের বাজারে সোনার দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। টানা চার দফায় মূল্যবান এই ধাতুর দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হবে সোনা।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বশেষ ঘোষিত দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়।

এর আগে ২৩ অক্টোবর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। তার আগের দিন ২২ অক্টোবরও সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দফায় ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৮০ টাকা।

এরও আগে ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ধারাবাহিক এসব মূল্য সমন্বয়ের পর বর্তমানে ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় নেমেছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। সোনা ও রুপার গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত