আমার দেশ প্রেসে বোমা, ডিআরইউয়ের কড়া বার্তা
জাতীয় · 2026-10-26T16:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে প্রতিষ্ঠানটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ডিআরইউ নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, গণমাধ্যমকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার পর অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হতে পারে।
বিবৃতিতে হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
ডিআরইউ নেতারা বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। সংবাদমাধ্যমের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।