অনুমোদনহীন হুটার-হর্নে ১ ডিসেম্বর থেকে ডিএমপির অভিযান
সারাদেশ · 2026-11-17T15:05:00.000000Z · ডেস্ক রিপোর্ট
রাজধানীতে অনুমোদনহীন হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম নিজ দায়িত্বে খুলে ফেলার জন্য মালিক ও চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।
ডিএমপি জানায়, অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বাস্থ্য ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রার কথা বিবেচনায় নিয়ে এসব অননুমোদিত সরঞ্জামের ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ দায়িত্বে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট খুলে ফেলতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত অবস্থায় পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তাই অভিযান শুরুর আগেই যানবাহন থেকে অননুমোদিত সরঞ্জাম সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।