মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগ; গ্রেপ্তারকৃতদের ছিনতাই
সারাদেশ · 2026-11-17T15:13:09.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায়। এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয় এবং থানা ভবন ও পুলিশ মেসে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সূত্রপাত ও সংঘর্ষ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে বসে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী চা পান করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।
মাইকিংয়ের পরপরই শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
থানায় আগুন ও পুলিশের অবস্থান
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানার ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা থানা হাজত থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা থানা ভবনের একাংশ, থানা চত্বরের পাশে অবস্থিত পুলিশ মেস এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে অস্ত্র লুটেরও অভিযোগ উঠেছে। তীব্র হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে কিছুটা দূরে নিরাপদ স্থানে অবস্থান নেন।
সড়ক অবরোধ ও বর্তমান পরিস্থিতি
ঘটনার পর থেকে পুরো টুঙ্গিপাড়া এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি এবং গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়ায় প্রবেশের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও ব্যারিকেড দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী চৌরাস্তায় সড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে ভাঙচুর ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় দুই হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে গত ১৫ নভেম্বর মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করা হয় এবং বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব নাশকতার মামলায় আসামিদের ধরতে পুলিশ অভিযান চালালে মঙ্গলবার সন্ধ্যার এই পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ বা প্রশাসনের শীর্ষ কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।