শ্রীমঙ্গলের সময়

দুর্নীতির অভিযোগে পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

বিশ্ব · 2026-11-17T15:50:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা। বিরোধী দল ও ক্ষমতাসীন দলের এক নেতার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সরকারি রেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে পদত্যাগ কার্যকর হতে দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মনতসামের বরাতে রয়টার্স জানিয়েছে, বিরোধী ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট খুরেলসুখ এবং ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রেসিডেন্টকে পদ ছাড়ার আহ্বান জানায় দলটি।

এদিকে অভিযোগের সূত্রপাত আরও বিস্তৃত। মঙ্গোলিয়ার সাবেক উলানবাটর মেয়র এবং ক্ষমতাসীন দলের নেতা খিশগি ন্যামবাতার অভিযোগ করেছেন, ২০১৯ সালে একটি সরকারি রেল প্রকল্পের ঠিকাদারি দেওয়ার বিনিময়ে খুরেলসুখ ২ কোটি ৫০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। ওই সময় খুরেলসুখ দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। প্রকল্পটির কাজ পেয়েছিল মঙ্গোলীয় প্রতিষ্ঠান বোদি ইন্টারন্যাশনাল। তবে প্রতিষ্ঠানটি ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে খুরেলসুখ বলেন, সত্য উদ্‌ঘাটন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিরোধী দল তাঁকে দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছে। তিনি সেই দাবির সঙ্গে একমত হয়েছেন। তদন্তে সহযোগিতা করে নিজের হারানো সম্মান পুনরুদ্ধার করতে চান বলেও জানান তিনি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট। তাঁর দাবি, এসব অভিযোগের মাধ্যমে প্রেসিডেন্টের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের অর্থ আত্মসাৎ করেননি বলেও দাবি করেছেন। একই সঙ্গে তদন্তকারী কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন খুরেলসুখ। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মঙ্গোলিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা দিলেই তা কার্যকর হয় না। পদত্যাগ কার্যকর করতে দেশটির ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ স্টেট গ্রেট খুরালের অনুমোদন প্রয়োজন হবে। সংসদ অনুমোদন দিলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করা হবে।

এদিকে একই দুর্নীতির অভিযোগে নাম আসা দেশটির আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন উপবিচার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুনখ-এরদেনে দেম্বেরেলতসেরেন এবং মন্ত্রিপরিষদ সচিবালয়ের প্রধান এনখবায়ার বাত্তুমুর।

মঙ্গোলিয়ার রাজনীতিতে এই ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে সরকারি রেল প্রকল্পের চুক্তি, কয়লা রপ্তানি এবং ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। প্রেসিডেন্টের পদত্যাগ সংসদে অনুমোদিত হলে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন পরিবর্তন আসতে পারে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত