উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা, কুড়িগ্রামে বাড়ছে উষ্ণ পোশাকের চাহিদা
সারাদেশ · 2026-11-17T14:10:22.000000Z · জেলা প্রতিনিধি
উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে শীতের প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। মেঘলা আকাশ ও সূর্যের অনুপস্থিতিতে তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষ উষ্ণ পোশাক ব্যবহার শুরু করেছেন। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের জন্য আগাম শীতবস্ত্র সহায়তায় সরকার, এনজিও ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
কুড়িগ্রামে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে জেলার বিভিন্ন এলাকায় আকাশ ঘোলাটে থাকায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। হালকা শীতল বাতাস ও মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কমে গিয়ে জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মানুষকে গরম কাপড় পরে চলাফেরা করতে দেখা গেছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষজন শীতের তীব্রতা বেশি অনুভব করছেন। ভোর ও সন্ধ্যায় শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগেও আবহাওয়া স্বাভাবিক থাকলেও সোমবার থেকে হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে যায় এবং সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বেড়ে যায়। কৃষক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
জেলার বিভিন্ন হাট-বাজারে শীতের পোশাকের চাহিদাও বাড়তে শুরু করেছে। অনেক পরিবার ইতোমধ্যে শীতবস্ত্র বের করে ব্যবহার শুরু করেছে। তবে দরিদ্র ও অসহায় মানুষের অনেকের কাছেই এখনো পর্যাপ্ত শীতবস্ত্র নেই। ফলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্ভোগও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শীতের তীব্রতা আরও বাড়ার আগেই সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, এনজিও এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সময়মতো শীতবস্ত্র বিতরণ করা হলে অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবেন।
এদিকে আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, উত্তরাঞ্চলে শীতের প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তাই আগাম প্রস্তুতি গ্রহণ এবং অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।