শ্রীমঙ্গলের সময়

সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ সংসদে, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

সিলেটের খবর · 2026-11-17T13:56:21.000000Z · জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ জাতীয় সংসদে তুলে ধরেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ইজারার নামে নির্ধারিত হারের বেশি অর্থ আদায় বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সম্পূরক প্রশ্নে কামরুজ্জামান কামরুল এসব অভিযোগ তোলেন। বিকেল সোয়া ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সম্পূরক প্রশ্নে কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের উৎসব চলছে। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে-সেখানে ইচ্ছামতো চাঁদা আদায় করা হতো এবং এখনো প্রতিবছর ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে একাধিক স্থানে চাঁদা আদায় করা হচ্ছে। এ ধরনের চাঁদা আদায় বন্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তা তিনি জানতে চান।

জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি স্বতন্ত্র সংস্থা। সংস্থাটির আওতাধীন যেসব ঘাট দিয়ে মানুষ পারাপারের সুযোগ আছে, সেগুলো রাজস্ব আদায়ের লক্ষ্যে আইন মেনে নিয়মিত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয় এবং নির্ধারিত হারে ইজারার অর্থ আদায় করা হয়। তাঁর ভাষ্য, এটি একটি প্রতিষ্ঠিত ও স্বচ্ছ প্রক্রিয়া।

মন্ত্রী বলেন, ইজারা আদায়ের ক্ষেত্রে কোনো অন্যায়, অনিয়ম কিংবা নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য করবেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তবে কোনো গোষ্ঠী ইজারা নিয়ে তার নামে ব্যবসায়ীদের হয়রানি করলে এবং সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হলে তা দমন ও নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত