শ্রীমঙ্গলের সময়

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

অর্থনীতি · 2026-10-31T04:33:00.000000Z · ডেস্ক রিপোর্ট

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; কার্যকর সকাল ১০টা থেকে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের নকশা ও মান অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার বদলের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

এর আগে, গত ৩০ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক দিনের ব্যবধানে নতুন করে দাম কমানোর ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও নিচে নামল।

তথ্যসূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত