এইচএসসির ফল হাতে পেতে অপেক্ষা নয়, জেনে নিন ৩টি সহজ উপায়
শিক্ষা · 2026-10-31T03:26:00.000000Z · ডেস্ক রিপোর্ট
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবেন। অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এবার এসএমএসে ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পরিবর্তে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে নিজেদের ফল জানতে পারবেন। অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএস পাঠিয়ে ফল সংগ্রহের সুযোগ থাকছে। তবে এবার এসএমএসের মাধ্যমে ফল জানার নম্বরে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও এবার পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল জানার এসব পদ্ধতির কথা জানানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি পদ্ধতিই নির্ধারণ করা হয়েছে, যাতে অনলাইনে প্রবেশ করতে সমস্যা হলেও বিকল্প উপায়ে ফল জানা যায়।
১. অনলাইনে ফলাফল জানার নিয়ম
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য জমা দিলেই ফলাফল দেখা যাবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবেন। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে হবে। বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করা যাবে। পরে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
৩. মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানার নিয়ম
ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পরীক্ষার নাম, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে।
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাঁকে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।