ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৩
সারাদেশ · 2026-10-31T10:33:57.000000Z · মোঃ ফরহাদ হোসেন মায়া
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-১৪ ময়মনসিংহ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ইয়াছিন আরাফাত (২৫), পাপ্পু সরকার (২৯) ও মো. রুস্তম আলী পলাশ (২৭)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়।
এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে জংশনের বলাকা কম্পিউটার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে সিপিএসসি, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল।
এ সময় সেখানে অবস্থান করা ১২ থেকে ১৩ জনের একটি দল সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৩ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু, ৯ ইঞ্চি একটি সুইচ গিয়ার চাকু, একটি ছোট ধারালো চাকু ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৪-এর দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিলেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।