দুই বছরে ৭২ শতাংশ কমেছে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী
শিক্ষা · 2026-10-31T09:42:00.000000Z · ডেস্ক রিপোর্ট
২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, ২০২৬ সালে তা নেমেছে ৪০ হাজার ৮৪ জনে
এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা টানা দুই বছর ধরে কমছে। ২০২৪ সালে যেখানে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছিলেন, সেখানে ২০২৬ সালে এ সংখ্যা নেমে এসেছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৫ হাজার ৮২৭ জন বা প্রায় ৭২ দশমিক ৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল অনুযায়ী, ২০২৬ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। তাঁদের মধ্যে ছাত্র ছিলেন ৩২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছিল। ওই বছর ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরের বছর এ সংখ্যা কমে দাঁড়ায় ৬৯ হাজার ৯৭ জনে। অর্থাৎ ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছিলেন ৭৬ হাজার ৮১৪ জন।
পরিসংখ্যান বলছে, এক বছর নয়, টানা দুই বছর ধরেই সর্বোচ্চ ফল পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমছে। ২০২৪ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যেখানে প্রায় ১ লাখ ৪৬ হাজার ছিল, সেখানে ২০২৬ সালে তা ৪০ হাজারের কাছাকাছি নেমে এসেছে। ফলে দুই বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশেরও কম হয়েছে।