কারিগরি শিক্ষায় বড় উদ্যোগ, ৯ পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা
শিক্ষা · 2026-11-16T10:48:00.000000Z · ডেস্ক রিপোর্ট
কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রথম ধাপে দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কারিগরি শিক্ষার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে সারা দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’ ঢেলে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি বোঝা যায় না। দেশের বিপুল জনসংখ্যা একটি সম্পদ। তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। দেশের নবীনরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
এ সময় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণের পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন পাঠ্যবই পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর বিষয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য পরীক্ষার এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম