টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়
সারাদেশ · 2026-11-16T10:59:34.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ দুই বছর পর খুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় নেতাকর্মীরা কার্যালয় ও সমাধিসৌধের তালা খুলে দেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সমাধিসৌধ প্রাঙ্গণে সমবেত হয়ে শপথ পাঠ করেন নেতাকর্মীরা।স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে থামে। সেখানে কার্যালয়ের তালা খুলে পতাকা উত্তোলন ও বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে তিনটি ফটক খুলে দেয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করে।নেতাকর্মীদের শপথবাক্যে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সাংবাদিকদের জানান, নেতাকর্মীদের বসার সুযোগ তৈরি করতে এবং দলীয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তাঁরা কার্যালয়টি খুলে দিয়েছেন। তিনি দাবি করেন, "বঙ্গবন্ধুর সমাধিসৌধ কোনো নির্দিষ্ট দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের সম্পদ। প্রশাসনের মাধ্যমে এই সমাধি ও দলীয় কার্যালয় বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
তবে এ ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং সেদিনও একই ধরনের শপথ নিয়েছিলেন।