শ্রীমঙ্গলের সময়

কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় গাড়ি পুড়িয়ে উল্টো মিথ্যা মামলার অভিযোগ

সিলেটের খবর · 2026-11-16T10:47:01.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ


মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর একটি হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ বাদী পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ, মামলা আপস না করায় নিজেদের পুরোনো গাড়িতে আগুন দিয়ে সেই আগুনে বাদী ও তাঁর স্বজনদের ফাঁসানোর অপচেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
​সোমবার (১৬ নভেম্বর) কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন গত ২০২৫ সালের মে মাসে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার বাদী শাহজাহান আহমদের স্ত্রী তাসলিমা আক্তার শিফা।​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যা বলা হয়:
লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার জানান, গত ২০২৫ সালের ২৬ মে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আব্দুর রহিমের লোকজন তাঁদের জমিতে জোরপূর্বক মাটি কাটতে যায়। এ সময় তাঁর স্বামী ও দেবর বাধা দিলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দেবর জালাল আহমেদ গুরুতর জখম হন এবং বাধা দিতে গেলে শিক্ষিকা রোজিনা বেগমকে এলোপাতাড়ি হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অপর তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​বাদী আরও অভিযোগ করেন, আসামিরা জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। মামলা আপস না করায় গত ১২ নভেম্বর গভীর রাতে আসামিপক্ষ নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে উল্টো বাদী ও তাঁর ভাইসহ অন্যদের আসামি করে কমলগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। অথচ ঘটনার রাতে তাঁর স্বামী এলাকা থেকে প্রায় শত কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।
​সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে থাকলেও গত কয়েক মাস ধরে আদালতে হাজির না হয়ে পলাতক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিপক্ষের এমন হীন অপচেষ্টা ও মিথ্যা মামলার ভয়ে পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও তীব্র আতঙ্কগ্রস্ত দিন কাটাচ্ছে।​সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
​অভিযোগের বিষয়ে যা বললেন ওসি:
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
​তবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, "গাড়ি পোড়ানোর বিষয়ে মামলা নেওয়া হয়েছে। তবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আসামিরা জড়িত না থাকলে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হবে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত