শ্রীমঙ্গলের সময়

গফরগাঁওয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-16T11:05:21.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে নিজ বাড়ি থেকে এস টি আফনান সাকিব ওরফে সাকিব আল হাসান (২৬) নামের এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের দাবি, পুলিশের সোর্সের মাধ্যমে তাঁকে বাড়ি থেকে ধরে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার আফনান সাকিব পুখুরিয়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। গফরগাঁও উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

ময়মনসিংহ আদালতে পাঠানো পুলিশের নথি অনুযায়ী, গফরগাঁও থানায় ২০২৫ সালের ৫ জুন দায়ের করা একটি মামলায় আফনান সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক বিরোধের জেরে এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এ সময় চাপাতি, রামদা, লোহার রড, লোহার পাইপ ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। হামলায় কয়েকজন আহত হন এবং তাঁদের মধ্যে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে। এমনকি হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি ছোড়ার অভিযোগও আনা হয়েছে মামলার নথিতে।

রাজনৈতিক হয়রানির অভিযোগ পরিবারের

এদিকে, গ্রেপ্তার আফনান সাকিবের পরিবারের দাবি, ওই হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে এবং আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের অভিযোগে তাঁকে পুরোনো একটি মামলায় জড়িয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত