শ্রীমঙ্গলের সময়

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারের বেশি মানুষের চিকিৎসাসেবা

সারাদেশ · 2026-11-28T02:24:06.000000Z · জেলা প্রতিনিধি

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করেন। জটিল রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে এক হাজারেরও বেশি অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর বিশেষ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে এভারকেয়ার, ইউনাইটেড, হলি ফ্যামিলি, সিএমএইচ ও বারডেমসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ ছাড়া ক্যাম্পে বাছাই করা জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ল্যাপারোস্কপিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নিজ জেলায় এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ এবং অস্ত্রোপচারের সুযোগ পেয়ে রোগী ও তাঁদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে বাগেরহাটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত