শ্রীমঙ্গলের সময়

লক্ষ্মীপুরের রায়পুরে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন, তৃণমূল ক্ষুব্ধ

সারাদেশ · 2026-11-28T06:22:36.000000Z · জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলীতে বিএনপির দুই প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির একাংশ ও ভোটাররা দলের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। অভিযোগ নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কোনো মন্তব্য করেননি।

লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কমিটির তালিকা অনুযায়ী, উদ্বোধনী ওই অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন পদধারী নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন— ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়াও স্থানীয় সূত্রগুলো অনুষ্ঠানে আরও কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবে শনাক্ত করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘বিগত সময়ে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। অথচ সে সময় যাঁরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে পদপদবি ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন, এখন তাঁদেরই কেউ কেউ বিএনপির নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই।’

তাঁর মতে, অতীতের রাজনৈতিক ভূমিকা ও পরিচয় যাচাই না করে এভাবে প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত করায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে।

বর্তমানে নির্বাচনী প্রচারণায় কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের প্রকৃত রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃত্বের অবস্থান কী—তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এ নিয়ে দলটির সাংগঠনিক অবস্থান পরিষ্কার করার আহ্বানও উঠেছে।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত