বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে ৫ জিরো প্লাস ক্যাম্পেইনের আওতায় ফ্ল্যাশ মব ও পথনাট্য অনুষ্ঠিত
সারাদেশ · 2026-11-18T13:35:16.000000Z · ফরিদ মিয়া
বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে শিশুদের অধিকার, সুরক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর নান্দাইল এডিপির উদ্যোগে ৫ জিরো প্লাস (5 Zero+) ক্যাম্পেইনের আওতায় সচেতনতামূলক ফ্ল্যাশ মব ও পথনাট্য অনুষ্ঠিত হয়েছে।১৮ নভেম্বর বুধবার সিংরইল পিএফএ-এর আওতায় উদং মধুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— My Day. My Rights. My Future.
কর্মসূচিতে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন এবং শিশুদের প্রতি সব ধরনের শারীরিক ও মানসিক সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টি করা হয়। ফ্ল্যাশ মব, পথনাট্য, অভিনয় ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশুদের অধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের সুরক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আচারগাঁও পিএফএ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস. গোমেজ, স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সুমন কবি, উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক ফকির এবং সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং শিশুদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করে উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আচারগাঁও ঘাসফুল শিশু ও যুব ফোরামের সদস্যরা, নান্দাইল ঘাসফুল যুব ফোরামের প্রতিনিধিরা, এলাকার ভলান্টিয়ার ডেভেলপমেন্ট কমিটি (VDS)-এর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সফল করতে শিশু ও যুব ফোরামের সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিবেশনার মাধ্যমে শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিত সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।