শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন?
লাইফস্টাইল · 2026-11-12T13:20:00.000000Z · ডেস্ক রিপোর্ট
শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস নিতে সমস্যা হতে পারে, গুরুতর অবস্থায় দেখা দিতে পারে জীবনহানির আশঙ্কাও। নিউমোনিয়া প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া, ধূমপান এড়িয়ে চলা এবং বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় টিকা নেওয়া জরুরি।
শীত এলেই শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস নিতে সমস্যা হয়। গুরুতর অবস্থায় এমনকি জীবনহানির আশঙ্কাও থাকে। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।
নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। এতে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয় এবং পুঁজ বা তরল জমে অক্সিজেন গ্রহণের স্বাভাবিক ক্ষমতা কমে যায়। ফলে আক্রান্ত ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হতে পারে। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি, বায়ুদূষণ, প্রয়োজনীয় টিকা না নেওয়া ও যথাযথ চিকিৎসার অভাব এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে শুধু শিশু বা বয়স্করাই নন, তরুণ ও সুস্থ ব্যক্তিরাও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন।
নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা প্রয়োজন। অন্যদের সামনে সরাসরি হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
নিউমোনিয়া প্রতিরোধে টিকা গ্রহণও গুরুত্বপূর্ণ। বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় টিকা নেওয়া উচিত। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে টিকা নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহণ করা যেতে পারে।
শীতকালে নিউমোনিয়ার ঝুঁকি নিয়ে সচেতন থাকার পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। শ্বাস নিতে কষ্ট হলে বা শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া গুরুতর আকার ধারণ করতে পারে।
বিশ্ব নিউমোনিয়া দিবসের মূল লক্ষ্য এ রোগ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করা। তাই শীতের শুরু থেকেই শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি নজর দেওয়া জরুরি।