কালীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা হত্যা মামলার ঘাতক পিকআপ জব্দ, হেলপার গ্রেপ্তার
সারাদেশ ·
2026-10-29T11:26:55.000000Z
· শ্রীমঙ্গলের সময় ডেস্ক
গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির পিকআপের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় ঘাতক পিকআপটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। একই সাথে এই ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানকালে সেখানকার কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে থেকে ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার ও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত হেলপার রাজু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার সময় পিকআপটির চালক হিসেবে দায়িত্বে ছিলেন মো. মাজহারুল ইসলাম। পলাতক ওই চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার পেছনের ইতিহাস:উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে ডিউটি শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পথিমধ্যে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার উদ্দেশ্যে পুলিশের গাড়ি থামান। এ সময় (রাত আনুমানিক ৩:৩৫ থেকে ৩:৪০ মিনিটের মধ্যে) টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।এতে এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পিকআপটি আটকানোর চেষ্টা করলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। এতে তারা গুরুতর আহত হন।এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে ২৫ অক্টোবর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং: ২৬(১০)২৬) দায়ের করেন।পুলিশের বক্তব্য:ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের চিহ্নিত করতে কাজ করছিল পুলিশ। বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ থেকে পিকআপটি উদ্ধার এবং হেলপার রাজু শেখকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক চালককে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।