শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে সাবমার্সিবল পাম্পের পানির সাথে উঠছে গ্যাস, জ্বলছে আগুন!

সারাদেশ · 2026-10-29T17:38:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমার্সিবল পাম্পের পানির সাথে নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পাইপের মুখে আগুন ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে শিখা। অদ্ভুত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতুহল ও সাড়াজাগানো আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করে দ্রুত বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।​সরেজমিনে তথ্য নিয়ে জানা যায়, উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে একটি সাবমার্সিবল পাম্প বসান স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ।​গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে কাঙ্ক্ষিত মাত্রায় পানি উঠছিল না। বিষয়টি নিয়ে কৌতুহলী হয়ে বুধবার (২৮ অক্টোবর) রাতে কামরুল শেখ পাইপের মুখে গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কৌতুহলী মানুষ পাম্পটি দেখতে কামরুলের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন।​আজ বৃহস্পতিবার ভাসাই বাজারে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে পাম্পটি দেখতে উৎসুক জনতার ঢল নেমেছে। কৌতূহলী মানুষের অনুরোধে পাম্পের মালিক কামরুল শেখকে বারবার পাম্প চালু করে আগুন জ্বালিয়ে প্রদর্শন করতে হচ্ছে।​ক্ষতিগ্রস্ত পাম্পের মালিক কামরুল শেখ (ভাসাই বাজার এলাকার রব শেখের ছেলে) জানান:​"মাছের গাড়িতে পানি দেওয়ার সুবিধার জন্য এক বছর আগে ২৮০ ফুট গভীর থেকে পানি তোলার জন্য এই সাবমার্সিবল পাম্পটি বসাই। গত এক সপ্তাহ ধরে পানি উঠছিল খুব কম। গতকাল বুধবার রাতে কৌতুহলবশত পাইপের মুখে লাইটার ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে চারপাশের মানুষ দেখতে ছুটে আসছেন।"​ঘটনা দেখতে আসা স্থানীয় একাধিক বাসিন্দা জানান, খবর পেয়ে সরেজমিনে এসে ঘটনার সত্যতা তারা নিজের চোখে দেখেছেন। ভূগর্ভস্থ প্রাকৃতিক কোনো গ্যাসের খনি বা উৎস রয়েছে কি না— তা নিশ্চিত হতে দ্রুততম সময়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ টিম পাঠানোর দাবি জানান তারা। মাটির নিচে গ্যাসের সন্ধান মিললে তা অত্র অঞ্চল তথা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের শুভ বার্তা বয়ে আনবে বলে মনে করেন তারা।​এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন জানান:​"বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল শুক্রবার আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবো এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও বিশেষজ্ঞ পদক্ষেপ গ্রহণ করব।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত