রায়পুরে নিখোঁজের একদিন পর সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ · 2026-10-29T12:28:09.000000Z · জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের একটি সুপারি বাগানে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের মিন্নাত উল্লাহ ব্যাপারী বাড়ির পাশে একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফায়েল আহমেদ ওই গ্রামেরই বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজন ও স্থানীয়রা।
নিহতের ছেলে রাসেল আহমেদ বলেন, বুধবার বিকেল থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে সুপারি বাগানে গিয়ে একটি আম গাছে তাঁর বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
নিহতের ফুপাতো বোন মারুফা খাতুন বলেন, গত দুই বছর ধরে তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় খাবার দিতেন। তিনি শুধু টয়লেটে যাওয়া ও মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তেমন কিছু করতেন না। এমনকি তিনি কারও সঙ্গে কথাবার্তাও বলতেন না।
স্থানীয় বাসিন্দা দুলাল বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার আসরের নামাজের পর তাঁকে একটি দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি হটাৎ পড়ে গেলে স্থানীয়রা তাঁকে তুলে দাঁড় করিয়ে দেন। এরপর তিনি সেখান থেকে নিজেই চলে যান। পরে আর তাঁকে দেখা যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।