সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের উদ্যোগ, থাকছে তিন ধাপের পরিকল্পনা
জাতীয় · 2026-11-11T02:10:00.000000Z · ডেস্ক রিপোর্ট
সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে প্রায় ৫ লাখ কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্যপদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরে শূন্য থাকা ৫ লাখের বেশি পদ পূরণে প্রায় ৫ লাখ কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি তিন ধাপের কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২৫’ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য ছিল। এসব শূন্যপদ পূরণে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, শূন্যপদে নিয়োগের সর্বশেষ অবস্থা এবং নিয়োগসংক্রান্ত তথ্য জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্যপদ পূরণের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ কার্যক্রম শুরুও হয়েছে।
সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেসব নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে বা নির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পর্যালোচনায় কোনো পদ শূন্য হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সেসব পদে নিয়োগ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি কর্মচারীদের শূন্যপদের তথ্য প্রতি ছয় মাস পরপর হালনাগাদ করা হয়। বর্তমানে নতুন করে তথ্য সংগ্রহের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কতজন কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে, সে বিষয়ে বছরের শেষ নাগাদ সংসদকে অবহিত করার আশা করছে সরকার।