শ্রীমঙ্গলের সময়

ক্যাম্পাস-সহ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নাশকতা: নিন্দা জানিয়ে ইবি গ্রিন ফোরামের বিবৃতি

শিক্ষা · 2026-11-10T17:45:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশব্যাপী অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইবি গ্রিন ফোরাম। পৃথক দুটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইবির ছাত্রীদের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং মঙ্গলবার ভোররাতে শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে হাতবোমা নিক্ষেপের ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের অভিযোগ, এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত।

বিবৃতিতে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদের দোসর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা পুনরায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

নেতৃবৃন্দ বলেন, পরাজিত ও নিষিদ্ধ শক্তিগুলো দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পথ বেছে নিয়েছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সতর্ক হওয়ার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ক্যাম্পাসগামী একটি বাস ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় কালো হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখা যায়। চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে ক্যাম্পাসের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পকেট গেটের বাইরে থেকে ভেতরের দিকে একটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। ফলে এ ঘটনায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত