শ্রীমঙ্গলের সময়

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

সারাদেশ · 2026-11-10T17:22:28.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও প্রধান দরজার কিছু অংশ পুড়ে গেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।​অভিযুক্ত মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ হামলা চালান এবং নিজেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।​ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লাসহ তিন ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না। পরবর্তীতে তারা প্রধান ফটকের তালা ভাঙারও চেষ্টা করেন।​এ বিষয়ে গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা মেরে তারা সবাই বাইরে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। পরে দুপুরে পেট্রোল বোমা হামলার খবর পেয়ে তারা অফিসে ছুটে আসেন। তিনি আরও জানান, হামলায় ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি। হামলাকারীরা নিজেরাই ঘটনার ভিডিও ফেসবুকে প্রচার করেছেন।​টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত