নান্দাইলে উদ্যোক্তাদের বাদ দিয়েই জাতীয় যুব দিবস, প্রশ্নের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা
সারাদেশ · 2026-11-01T05:24:13.000000Z · স্টাফ রিপোর্টার
যাঁদের ঘিরে জাতীয় যুব দিবস, সেই যুব উদ্যোক্তারাই রইলেন খবরের বাইরে! ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হলেও স্থানীয় অনেক উদ্যোক্তা জানেন না দিবসটি পালনের আয়োজন সম্পর্কে। এমনকি ২০২০ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোজাম্মেল হকও এবার আয়োজনের বিষয়ে আগে থেকে কিছু জানতে পারেননি। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব পালন, প্রচার-প্রচারণা ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।
যুবসমাজকে আত্মনির্ভরশীল করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই জাতীয় যুব দিবস পালন করা হয়। অথচ নান্দাইলে দিবসটি পালনে স্থানীয় সফল উদ্যোক্তাদের অনেকেই সম্পৃক্ত হতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ফলে দিবসটি কি প্রকৃত উদ্যোক্তাদের নিয়ে, নাকি কেবল দাপ্তরিক আনুষ্ঠানিকতা রক্ষার জন্য এমন প্রশ্ন দেখা দিয়েছে।
২০২০ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় যুব দিবস পালনে আমরা সহযোগিতা করে আসছি। উদ্যোক্তাদের নিয়েই দিবসটি পালন করা হতো। কিন্তু এবার কী কারণে উদ্যোক্তাদের বলা হয়নি, তা আমার বোধগম্য নয়।
অন্যদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দাবি করেন, তিনি দুজন উদ্যোক্তাকে পুরস্কার আনার জন্য ময়মনসিংহ পাঠিয়েছেন। তাঁর ভাষ্য, আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের নিয়েই যুব দিবস পালন করছি। আগে কীভাবে যুব দিবস পালন করা হতো, তা আমার জানা নেই। যাঁদের দাওয়াত দিতে পেরেছি, তাঁদের দিয়েছি।
দিবসটি পালনে সরকারিভাবে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, এটা আমার অফিসের ব্যক্তিগত তথ্য। আপনাকে দেব কেন?
এদিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইলের সহযোগিতায় দিবসটি পালনের বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা জানান, সারা দেশেই দিবসটি পালন করা হচ্ছে। তাঁরাও করছেন। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়েও সহযোগিতা নিয়ে কর্মসূচি হচ্ছে।
তবে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তার বক্তব্য এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিয়ে ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে জাতীয় যুব দিবস পালনে সহযোগিতা করে আসা উদ্যোক্তাদের এবার কেন যথাযথভাবে জানানো হলো না, তার সুস্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি।
প্রশ্ন উঠেছে, যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার দায়িত্ব যাঁদের, তাঁদের কাছেই যদি দিবসের খবর না পৌঁছায়, তাহলে যুব উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ উদ্যোক্তারা কতটা পাচ্ছেন? জাতীয় যুব দিবস কি শুধু উপস্থিতি, দাওয়াত আর আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা, কর্মসূচি আয়োজনের স্বচ্ছতা এবং প্রচার-প্রচারণার ঘাটতির বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।