শ্রীমঙ্গলের সময়

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত’: এস এম জিলানী

সারাদেশ · 2026-10-28T14:57:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ও বেহেশতের টিকিট বিক্রি করে জামায়াতে ইসলামী বিরোধী দলের আসনে বসেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
​বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।​এস এম জিলানী বলেন, "আমরা ভেবেছিলাম জাতীয় সংসদে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু জামায়াতের মুখে এক কথা, আর অন্তরে অন্য কথা। একাত্তরের পরাজিত এই শক্তি সংসদে দাঁড়িয়ে এক রকম কথা বলে, আর সংসদের বাইরে গিয়ে সম্পূর্ণ বিপরীত কথা বলে।"​জামায়াতের দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট বিএনপি সরকারের সৃষ্টি নয়। অথচ সংসদের বাইরে এসেই তারা এই একই সংকটের অজুহাতে সরকারের পতনের দাবি তুলছেন এবং লংমার্চ কর্মসূচি পালন করছেন। কিন্তু তাদের বোঝা উচিত, একটি গণতান্ত্রিক সরকারকে সংকট মোকাবিলার জন্য ন্যূনতম সময় দেওয়া প্রয়োজন।​তিনি আরও বলেন, "বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই আজ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।"​দেশে চলমান গ্যাস সংকট প্রসঙ্গে এস এম জিলানী বলেন, "বিগত ১৭ বছরের দীর্ঘ শাসনামলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমদানিনির্ভর গ্যাসের ওপর অনিয়ন্ত্রিত নির্ভরতা তৈরি করেছিল। বঙ্গোপসাগরে থাকা নিজস্ব গ্যাসকূপগুলো থেকে গ্যাস উত্তোলনে তারা কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তবে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই ১৫০টি চিহ্নিত গ্যাসকূপের মধ্যে ৩০টির কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং অবশিষ্ট ১২০টি কূপের কাজও খুব দ্রুত শুরু করা হবে।​টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই যুব সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:​অ্যাডভোকেট কাজী আবুল বাশার খায়ের – ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা বিএনপি​শেখ সালাউদ্দিন – সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি​জিল্লাল শেখ – সহ-সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি​জিহাদুল ইসলাম বাবু – সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপি​গোপাল সরকার – সাংগঠনিক সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপি
​সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত