আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ: ঝিনাইগাতীতে বিএনপি নেতাকে শোকজ
রাজনীতি · 2026-11-10T08:54:55.000000Z · স্টাফ রিপোর্টার
নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে ক্ষমতার প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়।নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাকে লিখিতভাবে এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু ইউনিয়ন বিএনপি নেতা মো. গোলাপ হোসেন তার পদ-পদবীর প্রভাব খাটিয়ে উক্ত আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান, যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনিনি বা তদবির করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই আমি নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে দাখিল করব।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাকে শোকজ করেছি। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরবর্তীতে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।