যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি
শিক্ষা · 2026-11-10T08:18:57.000000Z · ডেস্ক রিপোর্ট
যথাযথ যাচাই-বাছাই ছাড়া দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক মানহীন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।
যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার কারণে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রির সনদ নিয়েও অনেক তরুণ কর্মসংস্থান পাচ্ছেন না। এসব প্রতিষ্ঠান শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার অগ্রগতি কেবল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। বরং শিক্ষার মান, সময়োপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, বাস্তবভিত্তিক জ্ঞান এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগের ওপরই একটি বিশ্ববিদ্যালয়ের সফলতা নির্ভর করে। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা জরুরি।
দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারার মধ্যে সুযোগ, মান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ব্যবধান দূর করতে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের কেবল চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতের কর্মক্ষেত্রে টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে না।
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়েও সতর্ক করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তির উন্নতি যতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে তিনি বলেন, সমাবর্তন কেবল শিক্ষাজীবনের সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর দায়িত্বও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবার ও রাষ্ট্রের প্রত্যাশা রয়েছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারাই একজন স্নাতকের প্রকৃত অর্জন। এ জন্য শিক্ষার্থীদের সত্য, ন্যায়, সততা ও নৈতিকতার পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।