নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সারাদেশ · 2026-11-10T09:16:39.000000Z · জেলা প্রতিনিধি
সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১০ নভেম্বর) লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়। এর আগের রাতে কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝোলানো হয়। একই রাতে রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তালা ঝোলানোর ঘটনায় কার হাত রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। অধ্যক্ষ জানান, দিনে কলেজের কার্যক্রম স্বাভাবিক ছিল।
সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক দেশব্যাপী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিবর্গ কর্তৃক তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে জেলার রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর ও পাওয়া যায়। এছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটেই ছাত্রশিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা এই তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা দেওয়া ও ব্যানার টানানোর বিষয়ে সুনির্দিষ্টভাবে কার বা কাদের হাত রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইউছুফ জানান, রাতের বেলা ঘটনাটি ঘটলেও দিনের বেলায় কলেজের ক্লাস, পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে।
অন্যদিকে, রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাওয়া হলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ অবগত ছিল না, তবে পরবর্তীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।