শ্রীমঙ্গলের সময়

কুড়াল-গ্যালিয়ামে ধ্বংস ৬ কোটি ডলারের মার্কিন বিমান

বিশ্ব · 2026-11-18T14:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের প্রায় ৬ কোটি ডলার মূল্যের একটি সামরিক বিমান ভাঙচুর করে অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে। ডাইথি ও’কোরেন (৪৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ এপ্রিল শ্যানন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে রানওয়ের কাছে থাকা সি-১৩০এইচ হারকিউলিস সামরিক বিমানে প্রবেশ করেন। পরে বিমানের ভেতরে ও বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্রে বলা হয়, বিমানের পেছনের ক্রু দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ও’কোরেন। এরপর বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ভেতর থেকে দরজাগুলো আটকে দেন এবং জানালাগুলো ঢেকে রাখেন। একপর্যায়ে বিমানের ককপিটের সব গেজ ভেঙে ফেলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ তার, হাইড্রোলিক লাইন কেটে দেন এবং তরল অক্সিজেনের লাইন চেপে বন্ধ করে দেন। বিমানের এয়ার ডাক্টও ফুটো করে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, বিমানের অ্যালুমিনিয়ামের কাঠামোর ক্ষতি করতে গ্যালিয়াম নামের একটি ধাতু ব্যবহার করেন তিনি। ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকা এই ধাতু অ্যালুমিনিয়ামের ক্ষতি করতে পারে। কয়েক ঘণ্টা পর বিমানের ক্রুরা ফিরে এসে তাঁকে দেখতে পান। এ সময় তিনি বিমানের ছাদে থাকা একটি হ্যাচ দিয়ে বেরিয়ে এসে কুড়াল দিয়ে বিমানের বাইরের অংশে আঘাত করেন। জ্বালানি ট্যাংকেও বিভিন্ন বস্তু ও বল বিয়ারিং ঢেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

মার্কিন কৌঁসুলিদের দাবি, ঘটনাটি আকস্মিক ছিল না; বরং কয়েক মাস ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন ও’কোরেন। বিমানের নির্মাণকৌশল, নিরাপত্তাব্যবস্থা এবং বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের উপায় নিয়ে তিনি অনলাইনে অনুসন্ধান করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এমনকি সামরিক বিমানের চলাচল পর্যবেক্ষণের জন্য একটি মোবাইল অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিমানের তরল অক্সিজেনের লাইনটি কেটে না দিয়ে চেপে বন্ধ করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, লাইনটি কেটে দিলে বিমানের ভেতরে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারত।

ঘটনার কয়েক ঘণ্টা পর বিমানের ক্রুরা ফিরে এসে তাঁকে দেখতে পেয়ে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে আইরিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় আয়ারল্যান্ডেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ক্ষয়ক্ষতির কারণে বিমানটি আর উড্ডয়নযোগ্য অবস্থায় নেই। প্রায় ৬ কোটি ডলার মূল্যের বিমানটি আর সক্রিয়ভাবে উড্ডয়ন সেবায় ফিরবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেছেন, মার্কিন সামরিক সম্পদে হামলা এবং এর মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের সহকারী পরিচালক জেমস বার্নেকল জুনিয়রও বলেছেন, এটি পরিকল্পিত হামলা ছিল এবং এতে গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম ঝুঁকিতে পড়েছে।

ও’কোরেন আয়ারল্যান্ডের নাগরিক। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।

শ্যানন বিমানবন্দর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সেনা ও সরঞ্জাম পরিবহনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিমানবন্দরটিতে এর আগেও নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রবেশ এবং মার্কিন সামরিক বিমানে রং ছিটিয়ে প্রতিবাদের মতো ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত