এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় · 2026-11-08T17:15:00.000000Z · ডেস্ক রিপোর্ট
রাজধানীতে ধারাবাহিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করার কথা জানানো হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সিআইডি কার্যালয়ের সামনের বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।